নিম্নচাপ, বৃষ্টি কমতেই ফের গরমটা যেন জাঁকিয়ে পড়তে শুরু করেছে বাংলায়। একটু বেশি কাজ করলেই ঘেমে নেয়ে স্নান করে যাচ্ছেন বঙ্গবাসী। এদিকে আকাশে মেঘ জমলেও বৃষ্টির তেমন টিকি দেখা যাচ্ছে না। যাও বা বৃষ্টি হচ্ছে তারপর আবহাওয়া (Weather Today) ঠান্ডা হওয়ার বদলে গরম হয়ে যাচ্ছে। কবে এর থেকে মুক্তি মিলবে? আজ শুক্রবার কি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়? উত্তর হল হ্যাঁ। এই ভ্যাপসা গরমের মাঝেই আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় প্রাণ জুড়নো বৃষ্টির ধারা নামবে বলে খবর। চলুন জেনে নেওয়া যাক কোন কোন জেলায় ঝেঁপে বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস 

আবহাওয়া অফিস সূত্রে খবর, এদিন বেলার দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং নদীয়ার মতো জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিশেষ করে কলকাতা শহরের যদি কথা বলি, শুক্রবার সকাল থেকেই কলকাতায় রোদ ঝলমলে আকাশ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার মুড আচমকাই বদলাতে পারে। তবে যদি ভেবে থাকেন কোথাও ভারী বৃষ্টি হবে তাহলে ভুল ভাবছেন। আজ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বৃষ্টি হলেও কিন্তু দক্ষিণবঙ্গে অন্তত আর্দ্রতাজনিত চরম অস্বস্তি বজায় থাকবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়ার মেজাজ কেমন থাকবে সে বিষয়ে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। আজ ভারী বৃষ্টির জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে কালিম্পং, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

অন্যদিকে আজ বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি শুক্রবার দেশের বিভিন্ন অংশে মাঝারি থেকে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং উত্তর, মধ্য, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয় সহ অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডে ২৫শে আগস্ট পর্যন্ত ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।