এবার ভেঙে পড়ল কলকাতা মেট্রোর সেন্ট্রাল পার্ক স্টেশনের কংক্রিট, বিবৃতি দিল কর্তৃপক্ষ

Kolkata Metro Central Park

এবার ভেঙে পড়ল কলকাতা মেট্রোর সেন্ট্রাল পার্ক স্টেশনের কংক্রিট, বিবৃতি দিল কর্তৃপক্ষ

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াল কলকাতা মেট্রোর স্টেশন (Kolkata Metro)! জানা যাচ্ছে, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচের অংশে ভেঙে পড়ল কংক্রিটের চাঙ্গর। ঘটনাটি ঘটে আজ অর্থাৎ সোমবার সকালে। যে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই স্টেশন লাগোয়া অংশের পথচারীরা। এমন ভয়াবহ ঘটনায় ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তাঁরা। যদিও এই ঘটনায় কোনও রকম ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

পরিস্থিতি খতিয়ে দেখছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা

জানা গিয়েছে, হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনটি উঁচু স্তম্ভের উপর দাঁড়িয়ে। সেখানেই স্টেশনের নিচের অংশে আচমকা কংক্রিটের কিছু চাঙ্গর ভাঙতে শুরু করায় আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকাবাসীরা সতর্ক না করলে বড়সড় বিপদ ঘটতে পারতো।

এদিকে, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচের অংশের কংক্রিটের স্তর ভেঙে পড়ার খবর পেতেই তড়িঘড়ি বিবৃতি জারি করে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, গোটা বিষয়ের উপর নজর রয়েছে। মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন। যত দ্রুত সম্ভব স্টেশনের ক্ষতিগ্রস্ত অংশের ভাঙা জায়গা মেরামত করে দেওয়া হবে।

অবশ্যই পড়ুন: “রিঙ্কু সিংয়ের বাবার মৃত্যু টিম ইন্ডিয়ার জন্য আশীর্বাদ?” এমন প্রশ্ন কে করেছে জানেন?

প্রসঙ্গত, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচের যে অংশে ভাঙন ধরেছে তা দেখে একপ্রকার আঁতকে উঠছেন ওই স্টেশনের নিত্যযাত্রী থেকে শুরু করে পথচারীরা। এমন ঘটনার নেপথ্যে স্থানীয়দের কেউ কেউ রেলের গাফিলতিকে দায়ী করছেন। এদিকে কীভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে কিছুই জানায়নি মেট্রো রেল কর্তৃপক্ষ। বরং ভেঙে যাওয়া অংশ ইতিমধ্যেই ঘিরে দেওয়া হয়েছে।

Connect Us ➥