EPFO সদস্যদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আচমকাই বড় সিদ্ধান্ত থেকে পিছু হটল সরকার। হিমঘরে চলে গেল একটি বিষয়। ইপিএফ-এর (Employees' Provident Fund Organisation) অধীনে বেতনের সর্বোচ্চ সীমা ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার সরকারি প্রস্তাবটি আপাতত স্থগিত করা হয়েছে বলে খবর। এর অর্থ হলো, যে সিদ্ধান্তের মাধ্যমে লক্ষ লক্ষ কর্মচারী পিএফ এবং পেনশনের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছিল, সেটি এখন স্থগিত রাখা হয়েছে।

বেতন সীমা বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করল EPFO  

বর্তমানে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর নিয়ম অনুযায়ী, ১৫,০০০ মূল বেতন উপার্জনকারী কর্মচারীদের জন্য পিএফ (PF) কন্ট্রিবিউশন প্রদান বাধ্যতামূলক। এর চেয়ে বেশি উপার্জনকারীদের জন্য এটি ঐচ্ছিক বিষয়। এদিকে আরও বেশি কর্মচারীকে ইপিএফ-এর আওতায় আনার জন্য সরকার এই সীমা ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর কথা বিবেচনা করছিল। তবে, সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, এই প্রস্তাবটি স্থগিত রাখা হয়েছে এবং এ বিষয়ে অবিলম্বে কোনো সিদ্ধান্ত আপাতত নেওয়া হবে না।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সরকার আচমকাই কেন এরকম সিদ্ধান্ত নিল? কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত আর্থিক বোঝা, কর্মচারীদের হাতে পাওয়া বেতনে সম্ভাব্য হ্রাস, বৃহত্তর অর্থনৈতিক প্রভাব এখনো মূল্যায়ন করা হয়নি। এই কারণেই সরকার আপাতত এই প্রস্তাবটি স্থগিত রেখেছে। যদি ২৫,০০০-এর নতুন সীমা কার্যকর করা হতো, তাহলে আরও বেশি কর্মচারী ইপিএফ এবং পেনশন প্রকল্পে যোগদান করতেন। অবসরকালীন সঞ্চয় বৃদ্ধি পেত। কিন্তু বেতন থেকে পিএফ কর্তন বৃদ্ধি করলে প্রাপ্ত অর্থের পরিমাণ কমে যেতে পারত।

সরকারের পরবর্তী প্ল্যান কী? 

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার এই প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাখ্যান করছে না, বরং সঠিক সময় ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য অপেক্ষা করছে। ভবিষ্যতে এটি নিয়ে আবার আলোচনা হতে পারে। এখন দেখার সরকার এই বিষয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত নেয়।