NPS নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার। বিশেষ করে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে করে লাভবান হবেন জোম্যাটো, সুইগি, ওলা, উবার, ব্লিংকিট এবং আরবান কোম্পানির মতো ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত গিগ ও প্ল্যাটফর্ম কর্মীরা। পেনশন (Pension) তহবিল নিয়ন্ত্রক সংস্থা পিএফআরডিএ (PFRDA) সারা দেশের লক্ষ লক্ষ ডেলিভারি বয়, ড্রাইভার এবং পরিষেবা সহযোগীদের বার্ধক্য বয়সে যাতে টাকার সমস্যা না হয়, তার জন্য 'এনপিএস ই-শ্রমিক মডেল' এনেছে। এই বিশেষ প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ হলো, যেকোনো কর্মী মাত্র ৯৯ টাকা দিয়ে তাঁর অবসরকালীন সঞ্চয় শুরু করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পটি সম্পর্কে।
এই স্কিমে বিনিয়োগ করন মাত্র ৯৯ টাকায়
গিগ কর্মীদের পরিবর্তনশীল ও দৈনিক আয়ের কথা মাথায় রেখে এই প্রকল্পটি অত্যন্ত সহজ করে ডিজাইন করা হয়েছে। পিএফআরডিএ কোনো নির্দিষ্ট অবদানের সীমা নির্ধারণ করেনি। কর্মীরা তাদের আয়ের উপর ভিত্তি করে যখন খুশি, যত খুশি টাকা জমা করতে পারেন। উদাহরণস্বরূপ, একজন কর্মী তার এনপিএস অ্যাকাউন্টে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে সর্বনিম্ন ৯৯ টাকাও জমা করতে পারেন। এছাড়াও, এই মডেলটি এনপিএস কর্পোরেট মডেলের উপর ভিত্তি করে তৈরি। অবদানের টাকা শুধুমাত্র কর্মী, শুধুমাত্র অ্যাগ্রিগেটর কোম্পানি, অথবা উভয়ই জমা করতে পারেন।
কোন কর্মীরা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন?
খাবার ডেলিভারি পার্টনার যেমন জোম্যাটো, সুইগি, কুইক-কমার্স ও গ্রোসারি ডেলিভারি যেমন ব্লিংকিট, জেপ্টো, ইন্সটামার্ট, রাইড-হেইলিং পরিষেবা প্রদানকারী যেমন ওলা, উবার, র্যাপিডোর কর্মীরা এতে বিনিয়োগ করতে পারবে। এছাড়া হোম সার্ভিসেস পার্টনার যেমন আরবান কোম্পানি এবং অন্যান্য পরিষেবা প্ল্যাটফর্মে কর্মরত কর্মীরা মাত্র ৯৯ টাকা থেকে সঞ্চয় শুরু করতে সক্ষম হবেন। X-এ একটি পোস্টে পিএফআরডিএ বলেছে, "আপনার চাকরি হয়তো আপনার পরবর্তী কাজের ওপর নির্ভর করতে পারে, কিন্তু আপনার অবসর জীবন নয়।"
কত টাকা জমতে পারে?
ধরুন, কেউ ২৫ বছর বয়সে এনপিএস-এ প্রতি মাসে ৯৯ টাকা করে বিনিয়োগ শুরু করেছেন এবং সেটা ৩৫ বছর ধরে চালিয়ে গেলেন। সেক্ষেত্রে এই সময়কালে তার মোট বিনিয়োগ হবে ৪১,৫৮০ টাকা। বার্ষিক গড় ১২% রিটার্ন ধরে নিলে, ৩৫ বছর পর তার আনুমানিক অবসরকালীন সঞ্চয় হতে পারে প্রায় ৫.৪৫ লক্ষ টাকা, যার মধ্যে আনুমানিক চক্রবৃদ্ধি সুবিধা হবে প্রায় ৫.০৩ লক্ষ টাকা। হিসাব অনুযায়ী, মূলধনের ৬০%, অর্থাৎ প্রায় ৩.২৭ লক্ষ টাকা এককালীন তোলা যাবে এবং বাকি ৪০%, অর্থাৎ প্রায় ২.১৮ লক্ষ টাকা একটি অ্যানুইটি কেনার জন্য বিনিয়োগ করা হবে। বার্ষিক ৬.৫০% হারে অ্যানুইটি থেকে আয় ধরে নিলে, এর মাধ্যমে প্রায় ১,১৮১ মাসের পেনশন পাওয়া যাবে।

