পেনশন (Pension) ব্যবস্থায় আবারও একবার বড় পরিবর্তনের প্ল্যান করছে পশ্চিমবঙ্গ সরকার। একদিকে যখন বকেয়া ডিএ-র দাবিতে সমগ্র বাংলা উত্তাল, ঠিক তখনই নতুন পেনশন স্কিম বা NPS নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট যা সকল সরকারি কর্মচারীর জেনে রাখা উচিৎ। কেন্দ্রীয় সরকারের ন্যায় এবার খুব শীঘ্রই বাংলাতেও নিউ পেনশন স্কিম চালু হতে পারে বলে খবর। 

পশ্চিমবঙ্গে চালু হওয়ার পথে নতুন পেনশন স্কিম!

আসলে কলকাতায় এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজেই সেই জল্পনা উস্কে দিয়েছেন পেনশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পিএফআরডিএ-র চেয়ারম্যান এস রামন। তাঁর কথায় বিরাট ইঙ্গিত মিলেছে। এরইসঙ্গে আশায় নতুন করে বুক বেঁধেছেন কয়েক লক্ষ সরকারি কর্মী। একাংশ মনে করছে, নতুন পেনশন স্কিম অনেকের জীবন বদলে দেবে তো আবার কিছু শতাংশ মানুষ বলছেন, নতুন স্কিম অনেকের ক্ষেত্রে সুবিধের নাও হতে পারে। কেন? 

শুক্রবার শহরে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে রামন বলেন, “পুরনো পেনশন ব্যবস্থার পরিবর্তে এনপিএস প্রকল্প প্রথম বার ২০০৪-এ শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আনা হয়। নাম ছিল নিউ পেনশন স্কিম। পরে তা খুলে দেওয়া হয় বেসরকারি ক্ষেত্রের গ্রাহকদের জন্য। বর্তমানে এর নাম নিউ পেনশন সিস্টেম। কেন্দ্র ছাড়াও দেশের প্রায় সমস্ত রাজ্য সরকারই এটি চালু করেছে। এখন পশ্চিমবঙ্গ সরকারও চালু করবে। ভবিষ্যতে।” তবে কবে চালু হবে তা নিয়ে নির্দিষ্ট দিনক্ষণ বলা হয়নি। 

কী মনে করছেন সরকারি কর্মীরা?

কেন্দ্র ও অধিকাংশ রাজ্যে সরকারি কর্মীদের পেনশনের জন্য এনপিএস বাধ্যতামূলক।পশ্চিমবঙ্গে  যেহেতু বিজেপি ক্ষমতায় রয়েছে, ফলে মনে করা হচ্ছে সেদিন খুব বেশি দূরে নয় যখন এখানেও একই পেনশন স্কিম চালু হবে। এনপিএস নিয়ে সরকারি কর্মীদের একাংশের ক্ষোভ রয়েছে এবং পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবিতে আন্দোলনও হয়েছে। কর্মীদের আশঙ্কা, পুরনো ব্যবস্থার তুলনায় এনপিএসে পেনশন কম হতে পারে। অবসর জীবনের সঞ্চয় শেয়ার বাজারের সঙ্গে যুক্ত থাকায় অনিশ্চয়তার প্রশ্নও রয়েছে।