Paytm ব্যবহারকারীদের জন্য রইল জরুরি খবর। পেটিএম পেমেন্টস ব্যাংকের যাত্রা এখন আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ঘোষণা করেছে যে, তারা ব্যাংকটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার, অর্থাৎ গুটিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করবে। হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলুন আরও বিস্তারিত তথ্য জেনে নেবেন ঝটপট।
বন্ধ হয়ে যাচ্ছে Paytm?
রিপোর্ট অনুযায়ী, এই প্রক্রিয়ার জন্য আরবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চিফ জেনারেল ম্যানেজার গিরিকুমার এম. নায়ারকে অফিসিয়াল লিকুইডেটর হিসেবে নিযুক্ত করেছে। আগেই আরবিআই ইতিমধ্যেই পেটিএম পেমেন্টস ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স বাতিল করে দিয়েছিল। RBI জানিয়েছিল যে, ব্যাংকটিতে গুরুতর নিয়ন্ত্রক বিধি লঙ্ঘনের মতো বেশ কিছু ঘটনা ঘটেছে এবং এটি প্রতিষ্ঠিত নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হচ্ছিল না। এরপর বিষয়টি দিল্লি হাইকোর্টে পৌঁছায়। আদালত ৮ জুলাই এবং ২২ জুলাই, ২০২৬ তারিখের আদেশে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯ এবং কোম্পানিজ অ্যাক্ট, ২০১৩-এর অধীনে ব্যাংকটির 'ওয়িন্ডিং আপ' প্রক্রিয়া শুরু করার অনুমতি দেয়।
'ওয়িন্ডিং আপ' কী?
'Winding Up' মানে কোনো কোম্পানি বা ব্যাংকের ব্যবসার সম্পূর্ণ পরিসমাপ্তি। এই প্রক্রিয়ায় এর সম্পদ ও দায় মূল্যায়ন করা হয় এবং আইন অনুযায়ী সমস্ত বকেয়া দায় নিষ্পত্তি করা হয়। এটি সম্পন্ন করার জন্য একজন অফিসিয়াল লিকুইডেটর নিয়োগ করা হয়, যিনি আইনি নিয়মকানুন অনুসারে পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেন। এখন প্রশ্ন উঠছে, গ্রাহকদের টাকার কী হবে?
আরবিআই ইতিমধ্যেই স্পষ্ট করেছে যে পেটিএম পেমেন্টস ব্যাংকের আমানতের দায় সম্পূর্ণরূপে পরিশোধ করার জন্য পর্যাপ্ত ফান্ড রয়েছে। এর মানে হলো, যদিও ব্যাংকটি বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে, গ্রাহকদের আমানত নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সকলের সব দেনা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধ করা হবে। গত ২৪ এপ্রিল, ২০২৬ তারিখে, আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স অবিলম্বে বাতিল করে দেয়।

