বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রার্থী তালিকা ঘোষণার আগেই একের পর এক চমক দিচ্ছে তৃণমূল (TMC Candidate For Nandigram)। মঙ্গলবার সকালেই বঙ্গ ক্রিকেটের পরিচিত মুখ শিবশঙ্কর পালকে দলে নিয়েছে তারা। আর তার পর পরই ঘাসফুল শিবিরে যোগ দিলেন শুভেন্দু অধিকারীর একসময়ের কাছের লোক তথা ঘনিষ্ঠ নেতা পবিত্র কর। নন্দীগ্রামের ছেলে পবিত্রকেই অধিকারী বাবুর বিরুদ্ধে টিকিট দিতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাই সূত্রের খবর। অনেকেই বলছেন, কাটা দিয়ে কীভাবে কাটা তুলতে হয় সেটা বোধ হয় তৃণমূলের থেকে ভাল কেউ বোঝে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের যোগ দিলেন পবিত্র
নন্দীগ্রামের বয়ালের বাসিন্দা পবিত্র একেবারে প্রথম থেকেই শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী ছিলেন। কমবেশি সকলেই জানেন, বিজেপি নেতার বিরুদ্ধে বহুবার পথেঘাটে জোরালো স্লোগান দিয়েছেন তিনি। তবে শোনা যায়, সাম্প্রতিককালে দুজনের রাজনৈতিক পথ আদর্শগত দিক থেকে আলাদা হয়ে গিয়েছিল। গেরুয়া শিবিরে আশঙ্কা ছিল, হয়তো ফের তৃণমূলেই ফিরতে পারেন পবিত্র কর। মঙ্গলবার সকালে সেই আশঙ্কাকেই সত্যি করে দেখালেন তিনি। এদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে পুনরায় যোগদান করলেন পবিত্র।
নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন পবিত্রই!
কম বেশি সকলেই জানেন, 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ের পেছনে এই পবিত্র করের অবদান। কেউ কেউ বলেন, তাঁর কৃতিত্বেই নন্দীগ্রামের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে গেরুয়া শিবিরে সাম্প্রতিককালে মোহ ভঙ্গ হয়েছিল পবিত্রর। সূত্রের খবর, অনেক আগে থেকেই তৃণমূলের সঙ্গে ফের যোগাযোগ শুরু করেন তিনি। তবে পুরনো দলেরও যোগ দিলেন একেবারে বিধানসভা নির্বাচনের আগেই।
অবশ্যই পড়ুন: LPG ভর্তি জাহাজ আসলেও মিটবে না গ্যাসের সংকট! জানিয়ে দিল কেন্দ্র সরকার
অনেকেই বলছেন, বিজেপি নেতা শুভেন্দুর একসময়ের ছায়া সঙ্গী থাকায় অধিকারীর রাজনৈতিক স্ট্রাটেজি বোঝেন তিনি। তাছাড়াও নন্দীগ্রামে পবিত্রর রাজনৈতিক সংগঠনও যথেষ্ট মজবুত। ভূমিপুত্র হওয়ার দরুণ নন্দীগ্রামের মানুষজনও যথেষ্ট ভালোবাসেন এবং ভরসা করেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া পবিত্র করকে। তাই অনেকেই আশা করছেন, নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তাঁকেই প্রার্থী করবে তৃণমূল।











