সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দেশের প্রথম শ্রেণীর একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক যখন তাদের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমে সুদের হার কমানোর পথে, ঠিক সেখানে উল্টো পথে হাঁটল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। হ্যাঁ, দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সম্প্রতি তাদের বেশ কিছু মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট করে বাড়িয়ে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এই বর্ধিত সুদের হার বড় অংকের আমানতকারীদের জন্যই কার্যকর। নিচে বিস্তারিত তুলে ধরা হল—
কারা পাবে বেশি সুদ?
প্রথমেই জানিয়ে দিই, যে সমস্ত গ্রাহক ৩ কোটি টাকা কিংবা তার বেশি অংকের টাকা ফিক্সড ডিপোজিট করবেন, তারাই শুধুমাত্র নতুন হারে বর্ধিত সুদের সুবিধা পাবে। সেক্ষেত্রে—
- ৪৬ দিন থেকে ১৭৯ দিন মেয়াদে আগে ৫.৬০% সুদ ছিল। এখন বেড়ে হয়েছে ৫.৮৫%।
- ১৮০ দিন থেকে ২১০ দিন মেয়াদে আগে ছিল ৬.১০% সুদ। এখন বেড়ে হয়েছে ৬.৩৫%।
- ২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদে আগে ছিল ৬.১০% সুদ। এখন বেড়ে হয়েছে ৬.৩৫%।
- ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদে আগে ছিল ৬.৭৫%। এখন হয়েছে ৭%।
তবে কিছু কিছু মেয়াদে এখনো পর্যন্ত সুদের হার পরিবর্তন হয়নি। সেই তালিকায় রয়েছে—
- ৭ দিন থেকে ১৪ দিন মেয়াদে সুদের হার ৫% অপরিবর্তিত।
- ১৫ দিন থেকে ৪৫ দিন মেয়াদে সুদের হার ৫.৫% অপরিবর্তিত।
- ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদে সুদের হার ৬.৬৫% অপরিবর্তিত।
- ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদে সুদের হার ৬.৫০% অপরিবর্তিত।
- ৫ বছর থেকে ১০ বছর মেয়াদে সুদের হার ৬.৫০% অপরিবর্তিত।
আরও পড়ুন: শুধু পিন দিয়ে আর করা যাবে না অনলাইন পেমেন্ট, বড় সিদ্ধান্ত RBI-র
৩ কোটির কম আমানত হলে কী হবে?
এদিকে যদি যারা ৩ কোটি টাকার কম ডিপোজিট করেন, তাদের ক্ষেত্রে আবার সুদের হারে কোনও রকম পরিবর্তন করেনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২৫ সালের ডিসেম্বর মাসের যে রেট ছিল তাই বজায় থাকছে। দেখে নিন তালিকা—
- ২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৫.৯%।
- ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদে ৬.২৫%।
- ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদে ৬.৪%।
- ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদে ৬.৩% এবং
- ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে ৬.০৫%।
তবে এক্ষেত্রে বলে দিতে হয়, স্টেট ব্যাঙ্কের এই সুদের হার শুধুমাত্র সাধারণ গ্রাহকদের জন্যই প্রযোজ্য। কিন্তু প্রবীণ নাগরিকরা যদি এখানে এফডি করেন, তারা অতিরিক্ত ০.৫০% সুদ পাবেন।











