আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana) নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাহলে জানিয়ে রাখি, সরকার (Government of West Bengal)  আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ নিয়ে বড় কিছু ভাবনাচিন্তা করছে। জানা গিয়েছে, রাজ্যে প্রথম দফায় প্রায় ৫০ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত কার্ড পেতে চলেছেন। 

প্রথম দফায় ৫০ লক্ষ মানুষ পাবেন আয়ুষ্মান ভারত কার্ড 

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে উপভোক্তাদের হাতে কার্ড তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি আবেদনকারীর আধার যাচাই সম্পন্ন হয়েছে। যাচাইয়ে প্রায় সাড়ে ৩ হাজার নাম বাদ পড়েছে, যাঁদের মধ্যে কেউ মৃত, আবার কারও নাম এসআইআর তালিকায় নেই। সরকার আশাবাদী, আগস্টের মাঝামাঝির আগেই প্রথম দফার সব উপভোক্তার যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, ১৬ই আগস্ট ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালিত হবে; আগে এই দিনটি ‘খেলা হবে দিবস’ হিসেবে পালিত হতো তৃণমূলের জমানায়। যদিও এখন নতুন বিজেপি সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এই দিনটি চিহ্নিত করা হয়েছে।

আয়ুষ্মান দিবস কী?

এখন প্রশ্ন উঠতেই পারে, আয়ুষ্মান দিবস কী? শুভেন্দু অধিকারীর মতে, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আয়ুষ্মান দিবসটি উৎসর্গ করা হবে। এই প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগী পরিবারগুলিকে মাধ্যমিক এবং উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে পরাজিত করার পর অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকারের ১০০ দিনও এই দিনে পূর্ণ হবে।