অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ কড়কড়ে ৩০০০ টাকা পেয়ে খুশিতে আত্মহারা তো কেউ টাকা না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন। টাকা না পেয়ে দিকে দিকে বাংলার মহিলাদের মধ্যে বিপুল ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি কবে ঠিক হবে উত্তর জানা নেই কারোর। এদিকে সেপ্টেম্বর মাস আসতেও খুব একটা বেশি দেরি নেই। অনেকেই সামনের মাসেও টাকা পাবেন কিনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও এখন এই বিষয়ে বড় বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানালেন, টাকা না পেলে কী করতে হবে। 

সেপ্টেম্বর মাসেও কি সকলের টাকা পাবেন অন্নপূর্ণার?

অনেকেই বলছেন, যোগ্য হয়েও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি তাঁরা। একপ্রকার বঞ্চিত হয়ে গিয়েছেন। আপনিও যদি মনে করে বঞ্চিত হয়েছেন, সেক্ষেত্রে কীভাবে তার সমাধান করা হবে তা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার কিস্তির টাকা ঢোকা নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মহাজাতি সদনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, "মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম তৈরি হয়েছে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের কারো কাছে যেতে হবে না, ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে। কোনও টেকনিক্যাল সমস্যা থাকলে আপনারা স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বর সহযোগিতা নেবেন।"

শুভেন্দু অধিকারী আরও বলেছেন, "আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেক মা-বোন-দিদির কাছে গিয়ে...আপনারা ১০ জুলাই, ২০২৬ পর্যন্ত আবেদনকারীদের মধ্যে যদি উপযুক্ত কেউ বঞ্চিত হন, নতুন ফর্ম ফিলআপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর-অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন।"

খুলে গিয়েছে পোর্টাল 

আগস্ট মাসে প্রাথমিক যাচাই পর্বের কঠোর পর্যালোচনার ফলে বিভিন্ন জেলা থেকে প্রায় ১৭ লক্ষ আবেদনপত্র বাতিল হয়ে যায়। এরপর কর্তৃপক্ষ গত ১৯ আগস্ট থেকে পুনরায় আবেদন এবং দাবি নিষ্পত্তির জন্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল অর্থাৎ https://socialregistry.wb.gov.in/ খুলে দিয়েছে। এখানে আবেদনকারীরা নিজেদের স্ট্যাটাস দেখতে পারবেন।