আপনিও কি অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকার জন্য অপেক্ষা করছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই সংক্রান্ত নতুন আপডেট জারি করা হয়েছে যা সকল আবেদনকারীর জেনে রাখা দরকার। এর আগে সরকারের তরফে জানানো হয়েছিল যে ১৫ আগস্টের পর থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। তবে এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং অন্য কথা বলছেন। 

অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট 

মুখ্যমন্ত্রী জানালেন অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে সময় লাগবে। অর্থাৎ টাকা আরও দেরিতে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার অধীনে ‘যাচাইকৃত’ যোগ্য মহিলা সুবিধাভোগীদের আর্থিক সহায়তা প্রদান ১৭ই আগস্ট থেকে শুরু করবে। ৩,০০০ টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। বৃহস্পতিবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, ১ জুন থেকে অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে, যার মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। 'নবান্ন'-তে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ৩১শে জুলাই আবেদন পর্ব শেষ হওয়ার আগেই এই প্রকল্পের অধীনে প্রায় ২.১৬ কোটি আবেদনপত্র জমা পড়েছে। আবেদনকারীদের যোগ্যতা যাচাই করার জন্য কর্মকর্তারা তাদের জমা দেওয়া নথিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন এবং এই প্রক্রিয়াটি প্রায় শেষের দিকে।

বড় বার্তা মুখ্যমন্ত্রীর

তিনি বলেন, যেসব আবেদনকারী ১০ জুলাই বা তার আগে আবেদনপত্র জমা দিয়েছেন এবং যাদের কাগজপত্র সঠিক বলে পাওয়া গেছে, তারা ১৭ আগস্ট কিস্তি পাবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, যাঁরা ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাঁদের যাচাই বা ভেরিফিকেশনের জন্য অতিরিক্ত সময় লাগবে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর পরবর্তী পর্যায়ে তাঁরা আর্থিক সহায়তা পাবেন।