অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে নতুন এক নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার মুখ্যমন্ত্রী এমন এক ঘোষণা করেছেন যাতে করে ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বাংলার বহু মহিলা। এখনো অনেকেই আসায় বুক বেঁধে রয়েছেন যে আগামীকাল অর্থাৎ ২০ আগস্ট অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা তাঁরা পাবেন। সত্যিই কি পাবেন? আগামী সেপ্টেম্বর মাসেও কি সেসকল মহিলা ৩০০০ টাকা পাবেন যারা গত তিন মাস ধরে পেয়েছেন? চলুন জেনে নেওয়া যাক।

অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন নির্দেশ মুখ্যমন্ত্রীর 

 আগামী দিনে নতুন করে বহু নাম নতুন করে বাতিল হতে চলেছে বলে খবর। কারণ ফের একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাইয়ের নির্দেশিকা জারি করেছেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনার অধীনে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে। রাজ্য সরকার জানিয়েছে যে এই প্রকল্পের অধীনে ১.৪৫ কোটি যোগ্য মহিলা প্রত্যেকে ৩,০০০ টাকা করে পাবেন। টাকা প্রদান ১৭ই আগস্ট শুরু হয়েছে এবং ২০শে আগস্টের মধ্যে তা শেষ হওয়ার কথা রয়েছে। তাই, যদি কোনো যোগ্য সুবিধাভোগী এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে টাকা জমা হওয়ার প্রক্রিয়া এখনও চলমান থাকতে পারে। তবে মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা বাড়ি বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়া অনেকের রাতের ঘুম কেড়ে নিতে পারে। 

মঙ্গলবার উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের অন্যান্য কিছু মন্ত্রীরা। এর পাশাপাশি ওই অনুষ্ঠানে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা উপস্থিত ছিলেন বলে খবর। তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আপনারা বাড়ি বাড়ি যান। যদি দেখেন কোনও ধনী পরিবারের কেউ অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, তাহলে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অভিযোগ জানান। একই সঙ্গে যদি কেউ যোগ্য হয়েও টাকা না পান, সেই তথ্য রাজ্যের পোর্টালে তুলে ধরুন।' 

স্কিম থেকে ১৭ লক্ষ নাম বাতিল করেছে সরকার 

এই প্রকল্পের অধীনে প্রাপ্ত আবেদনপত্রগুলি পর্যালোচনা করার পর সরকার প্রায় ১৭ লক্ষ আবেদনপত্র বাতিল করেছে। অন্নপূর্ণা যোজনার অধীনে জমা পড়া ১ কোটি ৮০ লক্ষ আবেদনের মধ্যে ১ কোটি ৬২ লক্ষ আবেদন রাজ্য সরকার যাচাই-বাছাই করেছে। এই প্রকল্পের অধীনে ১ কোটি ৪৫ লক্ষ সুবিধাভোগীকে তৃতীয় কিস্তির টাকা সোমবার থেকে দেওয়া শুরু হয়েছে। তবে, ৩,০০০ টাকার মাসিক ভাতা দেওয়ার আগে যাচাই-বাছাই প্রক্রিয়ার কারণে প্রায় ১৭ লক্ষ মহিলার অর্থ প্রদান আটকে রাখা হয়েছে। সরকারি কর্তাদের মতে, প্রায় ১০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত না থাকার মতো বিভিন্ন কারণে যাঁদের অর্থ প্রদান আটকে রাখা হয়েছে, তাঁরা ২০শে আগস্ট পোর্টালটি পুনরায় খোলার পর আবার আবেদন করতে পারবেন।