পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ (Dearness allowance) নিয়ে জলঘোলার শেষ নেই। রাজ্য সরকারের তরফে বারবার বলা হলেও ঠিক ধৈর্য ধরতে পারছেন না রাজ্য সরকারি কর্মীদের একাংশ। অনেকের বক্তব্য একটাই, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে এবং পরে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলো সেগুলির মধ্যে কোনওটাই পূরণ করছে না। এমনকি অনেক কর্মচারী থেকে শুরু করে সরকারি কর্মীদের সংগঠন বিজেপি সরকারকে 'ভোগাস', 'অপদার্থ' তকমা দিতেও পিছু পা হয়নি। তবে এরই মধ্যে এখন গ্রান্ট ইন কর্মীদের নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট যা আপনাদের মন ভালো করে দিতে পারে। আর এই নিয়ে মুখ খুলেছেন খোদ সরকারি কর্মী তথা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
গ্রান্ট ইন কর্মীদের জন্য সুখবর
গ্রান্ট ইন প্রতিষ্ঠান, কেএমসি এলাকা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের (Grant-in-aid) একাংশ এখনো অবধি বকেয়া মহার্ঘ্য ভাতা পাননি। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। কবে এই দীর্ঘ জট কাটবে, কবে সকলে একটু টাকার মুখ দেখবেন, এই প্রশ্নই বারংবার উঠে আসছে। যদিও ভাস্কর ঘোষ কিন্তু অন্য কথা বলছেন। রাজ্য সরকারি কর্মীদের একাংশ অভিযোগ, রাজ্যের অর্থ দফতরকে চিঠি দেওয়া থেকে শুরু করে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বারংবার দেখা করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। যদিও অন্যদিকে ভাস্কর ঘোষ বলছেন সরকার কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তাও আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। তাহলে কে সত্যি কথা বলছে? সরকারি কাজ কতদূরই বা এগিয়েছে? চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
বঞ্চনার অভিযোগের মাঝেই ভাস্কর ঘোষ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, 'Grant in Aid কর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া মেটানোর কাজ করছে সরকার। কারোর অপপ্রচারে কান দেবেন না।SJM আছে।ভরসা রাখুন।' অর্থাৎ তাঁর কথা থেকে স্পষ্ট, এই বিষয়ে অপপ্রচার চলছে। আবার এও প্রশ্ন উঠছে, তাঁর নিশানায় কি অন্য কেউ আছেন যারা এই বকেয়া নিয়ে গলা ফাটাচ্ছেন?
কী বলছেন সরকারি কর্মীরা?
এর আগে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গ্রান্ট ইন কর্মীদের বকেয়া প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন। তিনি প্রশ্ন তোলেন, ‘গ্রান্ট ইন কর্মচারীরা কি আদৌ বকেয়া ডিএ পাবেন? গ্রান্ট ইন কর্মচারীদের যে ডিএ সেটা রোপাতেও উল্লেখ আছে। আমরা বারবার সরকারকে চিঠি দিচ্ছি এই বিষয়ে। কিন্তু সরকার গ্রান্ট ইন কর্মচারীদের পুরোপুরিভাবে বঞ্চিত করছে।' যাইহোক, এখন দেখার সরকার কবে এই বিষয়ে পাকাপাকিভাবে কোনও ঘোষণা করে কিনা।

