ইলিশ নিয়ে বাঙালির মাতামাতির শেষ নেই। বর্তমানে বাজারে বাজারে ছেয়ে গিয়েছে মাছেদের রানী। ছোট থেকে মাঝারি তো আবার বড় সাইজের ইলিশ (Ilish Fish) কিনতে বাজারে ভিড় উপচে পড়ছে সকলের। যদিও দাম কি খুব একটা কম? উত্তর হল না। এখনও অবধি মধ্যবিত্তের ঘরের মানুষের ধরাছোঁয়ার বাইরে রয়েছে ইলিশ। তবে চিন্তা নেই, কারণ এবার ইলিশের রীতিমতো সুনামি নামতে পারে দিঘায়। টন টন ইলিশ মাছ এখন সেখানে এসে পৌঁছাতে পারে বলে খবর।
অবশেষে দাম কমবে ইলিশের?
এমনিতেই আবহাওয়া খারাপ। সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। এদিকে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ রয়েছে। ফলে সেভাবে ট্রলার নামতেই পারছে না সমুদ্রে। যদিও এই দুর্যোগের মেঘ কাটতে চলেছে বলে খবর। এই মরসুমে আগামী কয়েকদিনের মধ্যেই মৎস্যজীবীদের জালে অনেক মাছ উঠতে পারে বলে আশাবাদী সকলে। আর বেশি মাছ যদি ধরা পড়ে সেক্ষেত্রে দামও অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বিগত কয়েক দিনে দিঘা মোহনায় বিপুল পরিমাণ ইলিশ উঠেছে। একসঙ্গে ৩০ টনের বেশি ইলিশ এসেছে এবং গত ৫–৭ দিনে প্রায় ২০০ টন ইলিশ ওঠার খবর মিলেছে।
সূত্রের খবর, সুখবর এল বলে, আর এই খবর কয়েকদিনের মধ্যে আসতে পারে দিঘা, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি থেকে। সামনেই রয়েছে দুর্গাপুজো। আর এই সময়তেও মাছের খুব বেশি জোগান না থাকায় মাথায় স্বাভাবিকভাবেই হাত পড়েছে অনেকের। অনেক বাজারে এখনও অবধি হিমঘরে থাকা ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ফলে স্বাদ যে খুব একটা হচ্ছে তাও নয়। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার বড় তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, 'পুজো পর্যন্ত আশা রয়েছে ইলিশের। তবে যা খবর আসছে ইলিশের জোগান আরও বাড়বে। সবকিছু নির্ভর করছে আবহাওয়ার উপর।'
কত টাকায় বিক্রি হচ্ছে ইলিশ?
বর্তমানে বাজারগুলিতে যে মূল্যের ইলিশ বিক্রি হচ্ছে সে সম্পর্কে জানলে আপনিও আঁতকে উঠবেন। জানা গিয়েছে, ১ কেজি ইলিশ ২৫০০ টাকার কাছাকাছি দাম পড়ছে। যদিও হিমঘরের ইলিশ ও গুজরাতের ইলিশের দাম একটু কম। তবে চিন্তা নেই, আগামী কয়েকদিন থেকে শুরু করে পুজোর সময়ে মাছের জোগান অনেকটাই বেশি হবে বলে আশাবাদী মাছ ব্যবসায়ীরা। এখন শুধু সময়ের অপেক্ষা।

