শিয়ালদা শাখার রেল যাত্রীদের জন্য সুখবর। আরো দীর্ঘায়িত হতে চলেছে শিয়ালদা - বারাসত এসি লোকাল (AC Local) ট্রেনের রুট। আগামী ২০ আগস্ট থেকে এই লোকাল শিয়ালদা থেকে ছেড়ে পৌঁছাবে বনগাঁ, ফেরার পথে আবার বনগাঁ থেকে শিয়ালদা। সাধারণ লোকাল ট্রেনের তুলনায় এসি লোকাল ট্রেনের ভাড়া কিছুটা বেশি হলেও যাত্রীদের মধ্যে চাহিদা বেড়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুবিধার কথা মাথায় রেখে দীর্ঘায়িত করা হচ্ছে এই রেল রুট। ইতিমধ্যে 33449 শিয়ালদা-বারাসাত এসি লোকালের নতুন টাইমটেবিল প্রকাশ করেছে রেল।
শিয়ালদা-বারাসাত এসি লোকালের রুট বাড়াল পূর্ব রেল
আগে, শিয়ালদা-বারাসাত এসি লোকাল (Sealdah Barasat AC Local) শিয়ালদা থেকে ছেড়ে যেত সকাল ১০:৩৩ মিনিটে, বারাসাত স্টেশনে পৌঁছাত সকালে ১১:১৪ মিনিটে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী ট্রেনটি বারাসত পৌঁছানোর পর বনগাঁর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সকাল ১১ টা বেজে ১৮ মিনিটে, বনগাঁ পৌঁছাবে বেলা ১২ টা বেজে ২৩ মিনিটে। এরপর ট্রেন নম্বর 33442 ডাউন বারাসত-শিয়ালদা AC লোকালটি ছাড়বে বনগাঁ স্টেশন থেকে। দুপুর ১২:৩৫ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে ট্রেনটি শিয়ালদা পৌঁছবে দুপুর ২:২৫ মিনিটে।
লাভবান হবেন যাত্রীরা
রুট যে বাড়বে তা আগেই আভাস দিয়েছিল পূর্ব রেল। আগে এক সাংবাদিক বৈঠকে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বারাসাত থেকে বনগাঁর মধ্যে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা না থাকাটাই এর প্রধান অন্তরায়। তবে এখন সমস্ত পরিকাঠামোগত দিক খতিয়ে দেখার পর শেষ পর্যন্ত এই লোকালের রুট বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় পূর্ব রেল।
এটা অবশ্যই মনে রাখা দরকার, এই নতুন সময়সূচি ও রুট কার্যকর হবে আগামী ২০ আগস্ট থেকে। রুট সম্প্রসারণের ফলে মাঝে বেশ কিছু স্টেশনে ট্রেনটি থামবে। শিয়ালদা-বারাসাত এসি লোকাল তার যাত্রা পথে থামবে বামনগাছি, দত্তপুকুর, বিরা, অশোকনগর, হাবড়া, মছলন্দপুর, গোবরডাঙা, ঠাকুরনগর, চাঁদপাড়া স্টেশনে। যদিও গুমা, সংহতি ও বিভূতিভূষণ হল্ট স্টেশনে থামবে না।

