অবশেষে শুরু হলো শিলিগুড়ি–দিল্লি সরাসরি ভলভো বাস (Siliguri-Delhi Bus) পরিষেবা। বিখ্যাত বাস সংস্থা শ্যামলী পরিবহন নিয়ে এলো শিলিগুড়ি থেকে দিল্লির কাশ্মীরী গেট ISBT পর্যন্ত সরাসরি যাত্রার সুবিধা। এমনিতেই দিল্লি কিংবা উত্তরপ্রদেশ যাওয়ার জন্য ট্রেনের টিকিট অমিল থাকে। যাও বা পাওয়া যায় তার দাম আকাশ ছোঁয়া থাকে। ফলে বাসের খুব দরকার ছিল। এমনকী সাধারণ মানুষও এই রুটে বাস পরিষেবা চালু করার দাবি জানিয়ে আসছিলেন। ফলে আর চিন্তা নেই, কারণ এখন আপনি শুয়ে বসে বাংলা থেকে এক বাসে করেই বিহার, উত্তরপ্রদেশ হয়ে দিল্লি পৌঁছাতে সক্ষম হবেন। 

শিলিগুড়ি-দিল্লি বাস পরিষেবা শুরু 

 ২৪ জুলাই থেকে শিলিগুড়ি থেকে দিল্লি অবধি চালু হয়েছে বাস চলাচল। জানা গিয়েছে, বাসটি একদম স্লিপার। এই বাসে করে কেউ যদি বিহার যেতে চায় তারও ব্যবস্থা করা হয়েছে, আবার কেউ যদি উত্তরপ্রদেশের গুরত্বপূর্ণ কোনও জায়গায় যেতে চান সেটারও ব্যবস্থা করা হয়েছে। অনেকেই হয়তো ভাবছেন বাসের রুট বা সময়সূচি কী হবে, কতক্ষণ লাগবে? ভাড়াই বা কত? চলুন সবটা জেনে নেবেন বিশদে। 

বাসের রুট, ভাড়া ও সময়সূচি কী?

জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে ছাড়বে সকাল ৮-৩০ মিনিটে। অন্যদিকে দিল্লি থেকে ছাড়বে দুপুর ২:০০টা নাগাদ। রুট সম্পর্কে বললে, বাসটি ভায়া শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড, শিব মন্দির, বাগডোগড়া, ঘোষপুকুর, ইসলামপুর, কিষাণগঞ্জ, ডালখোলা, বিহারের পূর্ণিয়া, আরারিয়া, ফোর্বিসগঞ্জ, সাকরি, দ্বারভাঙ্গা, মুজাফফরপুর, গোপালগঞ্জ, উত্তরপ্রদেশের গোরখপুর, লখনউ, গঙ্গা এক্সপ্রেসওয়ে, হাপুর, নয়ডা সেক্টর ৬২ হয়ে দিল্লী কাশ্মীরী গেট ISBT পৌঁছাবে।

ভাড়া নিয়ে কিছু পাকাপাকিভাবে জানা না গেলেও, শোনা যাচ্ছে বাসের ভাড়া নাকি ১৫০০ টাকা থেকে শুরু হচ্ছে। এদিকে এই বাসের খবর শুনে মানুষ খুশি। সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ফলে আপনারও যদি আগামী দিনে দিল্লি কিংবা বিহার, উত্তরপ্রদেশ যাওয়ার প্ল্যান হয়ে থাকে আর ট্রেনের টিকিট না পেয়ে থাকেন তাহলে এই বাসে সফর করতে পারেন।