সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: হোলিতে তীব্র গরমের হাত থেকে বঙ্গবাসী কিছুটা স্বস্তি পেয়েছিল। তবে সেই আরাম যে বেশিদিন স্থায়ী হবে না তা ভেবে পায়নি কেউ। দল কাটতেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। ফলে গরমের অনুভূতি এখন স্পষ্ট। আবহাওয়াবিদরা বলছে, সপ্তাহের শেষের দিকে আবারো কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Weather Update)।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। আর আগামী দু’দিন রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কিন্তু দিনের তাপমাত্রা সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবারের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। আর রবিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
রিপোর্ট বলছে, রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। আর সোমবার থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে কিছু কিছু জেলায়। সেই সময় বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলি জেলাতে। এদিকে মঙ্গলবার ও বুধবার কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
এদিকে কলকাতায় আগামী দুই থেকে তিনদিন তাপমাত্রা কিছুটা বাড়বে। যার ফলে শীতের আমেজ প্রায় উধাও হয়ে যাবে বলেই অনুমান করা হচ্ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এমনকি আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে।
আরও পড়ুন: ‘তিন মাসের সামগ্রী …’ যুদ্ধের আবহে রেশন নিয়ে রাজ্যগুলোকে বড় নির্দেশ কেন্দ্রের
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে বৃহস্পতিবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টি হতে পারে। কিন্তু আগামী দু’দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু তারপর থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে। রবিবার থেকে আবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাত হতে পারে। আর সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।











