জন্ম ও মৃত্যু সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। মূলত স্বচ্ছতা বজায় রাখতে এখন একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। এই প্রসঙ্গে বড় আপডেট জারি করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভুল এবং নাগরিকবান্ধব করতে পশ্চিমবঙ্গ সরকার একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার কার্যকর করেছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
জন্ম ও মৃত্যু সার্টিফিকেট নিয়ে বিশেষ নির্দেশিকা জারি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফেসবুক পোস্টে লেখেন, 'নতুন সংস্কারের মাধ্যমে প্রতিটি জেলার জেলা শাসক (District Magistrate & Collector) সংশ্লিষ্ট জেলার জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধক (District Registrar) হিসেবে দায়িত্ব পালন করবেন, ফলে জেলা পর্যায়ে সমন্বয় ও তদারকি আরও শক্তিশালী হবে। ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ (BMOH), গ্রামীণ হাসপাতালের সুপারিনটেনডেন্ট এবং মেডিক্যাল কলেজের প্রধানরা তাঁদের নিজ নিজ স্বাস্থ্য প্রতিষ্ঠানে সংঘটিত জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকবেন, যা প্রাতিষ্ঠানিক নিবন্ধন ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও কার্যকর করবে।'
তিনি আরও লেখেন, 'প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য নির্দিষ্ট সরকারি আধিকারিক নিয়োগ করা হবে, যাতে নথিভুক্তিকরণ ও প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত, সুশৃঙ্খল এবং নির্ভুলভাবে সম্পন্ন হয়। এই পদক্ষেপের ফলে পূর্বের নিবন্ধক ও নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পৌরসভার চেয়ারম্যান/কার্যনির্বাহক আধিকারিকদের ভূমিকার অবসান ঘটানো হল।'
উপকৃত হবেন সাধারণ মানুষ
মুখ্যমন্ত্রী জানান, 'আমাদের লক্ষ্য একটাই; স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব প্রশাসন গড়ে তুলে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করে পৌঁছে দেওয়া।' মনে করা হচ্ছে, সরকারের এহেন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন বহু মানুষ।

