রেশন ব্যবস্থায় (Rationing) দুর্নীতি রুখতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। কোনও ডিলার যাতে কোনওরকম কারচুপি না করতে পারে তা নিয়ে বিশেষ ব্যবস্থা করল সরকার। সেইসঙ্গে রেশন কার্ড (Ration Card) ধারকদের বিরাট স্বস্তি দিয়েছে বিজেপি সরকার। কীভাবে? রাজ্যের রেশন ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা করেছে নবান্ন। অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-এর আওতায় এবার থেকে প্রতি পরিবারের সদস্যপিছু ৭ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে খুব শীঘ্রই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। সেইসঙ্গে ডিলারদের উদ্দেশ্যেও বড় বার্তা দিতে শোনা গেল খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়াকে।
বাংলার রেশন ব্যবস্থায় মেগা বদল
খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া রেশন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, অতীতের অনিয়ম আর বরদাস্ত করা হবে না। চাষিদের সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতিতে জড়িত কোনও ডিলার বা ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া রেশনের চালের গুণগত মান নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকার পুলের চালের উপর কড়া নজরদারি চালানো হবে। নিম্নমানের চাল পাওয়া গেলে তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাঙা চালের অনুমোদিত পরিমাণ ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে, যাতে প্রকৃত উপভোক্তারা উন্নত মানের রেশন পান।
দুর্নীতি নিয়ে কঠোর বার্তা রাজ্যের
রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর ধান সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমিয়ে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া প্রায় ৫০০টি রাইস মিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে উন্নত মানের চাল রেশন ব্যবস্থার মাধ্যমে সরবরাহের নির্দেশ দেন।
মন্ত্রী জানান, রেশন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। কোনও রাইস মিল, ডিলার, পরিবেশক বা সরকারি কর্মী অনিয়মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের বেশি সংখ্যায় সরকারের কাছে ধান বিক্রির আহ্বান জানিয়ে তিনি বলেন, কেন্দ্র যেখানে প্রতি কুইন্টাল ধানের দাম ২,৪৪৩ টাকা দিচ্ছে, সেখানে রাজ্য দিচ্ছে ২,৬৪১ টাকা।
আগামী ১ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হয়ে এপ্রিল পর্যন্ত চলবে। পাশাপাশি রেশন দোকানে নিম্নমানের চাল বা গম সরবরাহ রুখতে নজরদারি বাড়ানো হয়েছে। নিম্নমানের খাদ্যশস্য পাওয়া গেলে তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

