সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে এবার বিরাট স্বস্তি আনতে চলেছে নতুন চার লেনের ফারাক্কা সেতু (New Farakka Bridge)। হ্যাঁ, নির্মাণ কাজ এখন প্রায় শেষের পর্যায়ে। প্রশাসনিক সূত্রে খবর, মোট কাজের ৯৬ শতাংশই সম্পন্ন হয়েছে। যার ফলে খুব শীঘ্রই যান চলাচলের জন্য এটিকে খুলে দেওয়া হবে। আর এই সেতু চালু হলে শিলিগুড়ি-কলকাতা রুটের যাতায়াতের সময় কয়েক ঘন্টা কমে যাবে।
গঙ্গার উপর দীর্ঘ সেতু
জানিয়ে রাখি, গঙ্গা নদীর উপর পুরনো ফারাক্কা ব্যারেজের কাছেই এই নতুন চার লেনের সেতু তৈরি করা হয়েছে। ফারাক্কা ব্যারেজ সংলগ্ন এই সেতুটির দৈর্ঘ্য মোট ৫.৪৬৮ কিলোমিটার। আর এই সেতু নির্মাণ করতে মোট ৬২২.০৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এতে রয়েছে ৮৮টি পিলার, ৮৬টি স্প্যান এবং সেতুর দুই পাশে ৩০০টি লাইট পোস্ট লাগানো হয়েছে। সব মিলিয়ে কাঠামোগত কাজ প্রায় শেষের পথে।
পরিকল্পনা ছিল, ২০২৫ এর ডিসেম্বর মাসে এই সেতুটিকে চালু করা হবে। কিন্তু নানারকম প্রশাসনিক আর প্রযুক্তিগত ত্রুটির কারণে তা অনেকটাই পিছিয়ে গিয়েছে। তবে যেহেতু এখন সেতুর ৯৬% কাজ শেষ, তাই উদ্বোধনের দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে বলে মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
আরও পড়ুন: ডিএ ইস্যু নিয়ে জোড়া চাপ পড়ল পশ্চিমবঙ্গ সরকারের উপর! কবে মিটবে বকেয়া?
উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গে যোগাযোগে বিরাট বদল
এদিকে মালদহের জাতীয় সড়ক প্রকল্প দফতর কর্মকর্তাদের মতে, এই সেতু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে। শুধুমাত্র রাজ্যের দুই প্রান্ত নয়, বরং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও উন্নত করবে। আর কলকাতা থেকে শিলিগুড়ি কিংবা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াতের সময় অনেকটাই কমবে। পাশাপাশি নতুন এই সেতু চালু হলে পর্যটনক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। উত্তরবঙ্গ ও তৎসংলঙ্গ এলাকার একাধিক পর্যটনকেন্দ্রে যাতায়াত আরও সহজ হয়ে যাবে। যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, সিকিম, কুলিক পাখিরালয়, আদিনা মসজিদ ইত্যাদি।











