এলপিজি (LPG) নিয়ে হাহাকারের মাঝেই বিনামূল্যে গ্যাস দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাও কি আবার বছরে ৩টি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপথি বিজয়। তিনি তামিলনাড়ুর মহিলাদের জন্য এক বিরাট সুবর্ণ সুযোগের দরজা খুলে দিয়েছেন যেন। তিনি বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন রাজ্যের মহিলারা শীঘ্রই প্রতি বছর বিনামূল্যে তিনটি এলপিজি সিলিন্ডার পাবেন। শুধু তাই নয়, তামিলনাড়ু ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রধান মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবারও ঘোষণা করেছেন। 

বছরে ৩টি বিনামূল্যে LPG দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারের মতে, যেসব পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম, তারা বছরে তিনটি এলপিজি সিলিন্ডারের জন্য সরকারি অনুদান পাবে। 'অন্নপূর্ণী সুপার সিক্স' প্রকল্পটি ২০২৭ সালের পোঙ্গল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। অনুমান করা হচ্ছে যে, এর ফলে রাজ্যের প্রায় ১ কোটি ৩০ লক্ষ পরিবার উপকৃত হবে। এই প্রকল্পের অধীনে, যোগ্য পরিবারগুলি একটি সিলিন্ডার কেনার পর সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে। 

সরকারের অনুমান অনুযায়ী, এই প্রকল্পে বছরে প্রায় ৪,০০০ কোটি টাকা খরচ হবে। বিজয় বলেন যে, গ্যাস সিলিন্ডারের ক্রমবর্ধমান মূল্য এবং চলমান উপসাগরীয় যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় সাধারণ পরিবারগুলির উপর আর্থিক বোঝা বেড়েছে। তাই, সরকার এই খরচ কমানোর চেষ্টা করছে। উল্লেখ্য যে, বিজয়ের দল নির্বাচনের আগে প্রতি বছর ছয়টি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে, সরকার বর্তমানে তিনটি সিলিন্ডারের জন্য সহায়তা ঘোষণা করেছে।

মহিলা, ট্রান্সজেন্ডারদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ

মহিলা এবং ট্রান্সজেন্ডারদের জন্যেও নজিরবিহীন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্য বাসে মহিলা থেকে শুরু করে রূপান্তরকামীদের জন্য বিনামূল্যে ভ্রমণের ঘোষণাও করেছেন। মহিলাদের জন্য বিদ্যমান বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্পের পরিধি বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।