যত সময় হচ্ছে ততই ঘনাচ্ছে নিম্নচাপ। আবহাওয়াবিদদের মতে, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল এবং বাংলাদেশের সংলগ্ন এলাকায় সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে  একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলায় জেলায় সপ্তাহব্যাপী প্রবল দুর্যোগের (Weather Today) পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। আজ শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা, হাওয়াও দিচ্ছে সঙ্গে। তবে বেলা যত এগোবে ততই বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনাও বেশি হবে। জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 

দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ভারী বৃষ্টি 

আজ বিশেষ করে দক্ষিণবঙ্গের অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। এক কথায় স্রাবণের শেষেও বর্ষা একদম নিজের তাণ্ডব রূপ দেখাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম জেলায়। এরপর ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়া মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে। 

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১৬ই আগস্ট কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, সিস্টেমটি এখনও মূলত দক্ষিণবঙ্গের উপর রয়েছে এবং এটি উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের  আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আবহাওয়া অফিস সূত্রে খবর, গভীর নিম্নচাপের প্রভাবে আজ ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।