নিম্নচাপ কাটতে না কাটতেই এবার বঙ্গোপসাগরে তৈরি হল জোড়া নিম্নচাপ। আর এই জোড়া নিম্নচাপের দৌলতে আজ শনিবার থেকে নতুন করে ব্যাপক ভারী বৃষ্টির (Weather Today) কবলে পড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু জেলা। এদিকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও অস্বস্তিকর গরম যেন কিছুতেই কাটতেই চাইছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই বাংলাজুড়ে নতুন করে দুর্যোগ শুরু হবে। ভ্যাপসা গরম কি কমবে? জানুন আবহাওয়ার আপডেট সম্পর্কে। 

দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা 

শনিবার সকাল থেকেই গরমটা বেশ জাঁকিয়ে পড়েছে। গলদঘর্ম অবস্থা সকলের। এদিকে আকাশে মেঘ রোদের লুকোচুরি খেলাও চলছে। তবে চিন্তা নেই, কারণ আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আজ বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। তবে গরম এখনি কমবে না।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এছাড়াও বৃষ্টিপাত চলবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

 রবিবার আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।  আইএমডি কলকাতার লেটেস্ট আপডেট অনুযায়ী, উত্তর ওড়িশা ও সংলগ্ন এলাকায় অবস্থিত ১.৫ কিমি উচ্চতায় গড় সমুদ্রপৃষ্ঠ ঠেলে ওপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদের ওপর একটি ওপরের বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এগুলির ফলে বাংলার আবহাওয়ার ভোলবদল হবে আজ থেকে বলে খবর।