সাগরে ফের এবার তৈরী হতে চলেছে নিম্নচাপ। প্রশ্ন উঠছে, এর ফলে কী আবারও বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ (Weather Today)? উত্তর হলো হ্যাঁ। রবিবার যেখানে সকলে ছুটির আনন্দ উপভোগ করছেন, কেউ কেউ আবার বাইরে বেরোনোর প্ল্যান করছেন, তাঁদের জানিয়ে রাখি, সকলের সেই আনন্দে জল ঢালতে পারে নাছোড়বান্দা বৃষ্টি। এমনিতেই সকাল থেকে বাংলার আকাশ মেঘাচ্ছন্ন, সেইসঙ্গে গরম ও গুমোট ভাব রয়েছে। এক কথায় অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। যদিও এই আবহাওয়া কেটে গিয়ে আজ থেকে দুর্যোগ শুরু হতে পারে বাংলায় বলে খবর। 

নিম্নচাপের জেরে ধেয়ে আসছে ভারী বৃষ্টি 

আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা উপকূলের কাছে অবস্থানরত নিম্নচাপ শক্তি বৃদ্ধি করেছে। তবে নিম্নচাপের সক্রিয় মেঘপুঞ্জ দক্ষিণ-পশ্চিম দিকে হেলে থাকায় অধিকাংশ ঘন মেঘ ও ভারী বৃষ্টিপাত ওড়িশা অঞ্চলে সীমাবদ্ধ রয়েছে। যদিও পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ মেঘাচ্ছন্ন ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

এবার আসা যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়ার প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এদিকে সোমবার থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।

শুধু পশ্চিমবঙ্গই নয়, এই নিম্নচাপের প্রভাবে পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওড়িশা, ছত্তিশগড় , পূর্ব মধ্যপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি। ওড়িশা ও ছত্তিশগড়ে আগামী ২ থেকে ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্যপ্রদেশে ২৩ অগাস্ট অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব উত্তরপ্রদেশে ২৩ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরাখণ্ডেও ২৩ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।