সকাল সকাল মেঘে ঢাকল বাংলার আকাশ। আবারো একবার নিম্নচাপে চোখ রাঙানিতে তোলপাড় হতে চলেছে সমগ্র বাংলার আবহাওয়া। হ্যাঁ আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনই এক চাঞ্চল্যকর পূর্বাভাস জারি করা হয়েছে। আজ সোমবার থেকেই জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে উত্তাল থাকবে সমুদ্র। ফলে আপাতত সেই মুখো হতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। এমনিতে কয়েকদিন ধরে বৃষ্টি কমতেই গরম যেন ফুল দমে নিজের দাপট দেখাতে শুরু করেছে। যদিও এরকম আবহাওয়া বেশি দিন থাকবে না বলেই খবর।

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা 

হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় আপাতত বৃষ্টি থেকে কোনো স্বস্তি মিলবে না।আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, "পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে রবিবার সকালে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এছাড়াও, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এটি পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে দিঘা পর্যন্ত বিস্তৃত এবং বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এর প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।" আজ সোমবার পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার জন্যও একই পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী কয়েকদিনের নধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে। অন্যদিকে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। এই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য বলা হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার জেলায় এই সতর্কতা শুধুমাত্র সোমবারের জন্য জারি করা হয়েছে। মঙ্গলবার দার্জিলিং জেলায় আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি তিনটি জেলা, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।