কবে চলবে ভারতের প্রথম বুলেট ট্রেন (Bullet Train)? এখন সকল দেশবাসীর এই একটাই প্রশ্ন। এমনিতে জায়গায় জায়গায় দ্রুত গতিতে রেলের কাজ চলছে। বুলেট ট্রেনের ক্ষেত্রে একের পর এক মাইলফলক অবধি অর্জন করছে রেল। যদিও এরই মধ্যে বুলেট ট্রেন নিয়ে বিরাট সুখবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি দিনক্ষণ ঘোষণা করে দিলেন ট্রেনের শুভ সূচনা কবে হবে এবং কত গতিতে চলবে। 

বুলেট ট্রেনের দিনক্ষণ ঘোষণা করলেন রেলমন্ত্রী 

আগামী বছর ভারতীয় রেল এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে চলেছে। কারণ ভারতে প্রথম বুলেট ট্রেন চলাচল শুরু হবে ২০২৭ সালের ১৫ই আগস্ট। হ্যাঁ এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেনের কাজ চলছে এবং এর প্রথম পর্যায়টি সুরাট ও বিলিমোরার মধ্যে চালু হবে। এটি হবে ৫০৮ কিলোমিটার দীর্ঘ একটি পর্যায়, যার বিভিন্ন অংশ সময়ের সাথে সাথে পর্যায়ক্রমে চালু করা হবে। 

নোভোটেল হায়দ্রাবাদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত HYSEA GCCS & IT রাউন্ডটেবিলে বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সুসংবাদটি ঘোষণা করে বলেন, "ভারতের প্রথম বুলেট ট্রেন তার পরবর্তী অধ্যায়ে প্রবেশ করেছে। আগামী বছর নির্মাণাধীন মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোরটি পর্যায়ক্রমে চালু হবে। প্রথম পর্যায়টি হবে সুরাট-বিলিমোরা।" তিনি আরও বলেন যে, প্রথম পর্বের পর ট্রেনটি পর্যায়ক্রমে ভাপি, তারপর আহমেদাবাদ, তারপর থানে এবং অবশেষে সম্পূর্ণ মুম্বাই-আহমেদাবাদ রুটে সম্প্রসারিত করা হবে। তিনি আরও বলেন, "আগামী বছরের ১৫ই আগস্ট থেকে এটি পর্যায়ক্রমে, অংশ-অংশ করে শুরু হবে।" 

ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটবে ট্রেন 

রেলমন্ত্রী জানান যে এই বুলেট ট্রেন প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সম্পূর্ণরূপে চালু হলে ট্রেনটি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে। এদিকে, রেলমন্ত্রী ভারতজুড়ে রেল স্টেশনগুলির চলমান পুনর্নির্মাণের বিষয়েও একটি আপডেট দিয়েছেন এবং জানিয়েছেন যে ঝড়ের গতিতে ২৬১টি স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে। বিখ্যাত সেকেন্দ্রাবাদ স্টেশন সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন, নিয়মিত ট্রেন চলাচল বজায় রাখার লজিস্টিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও স্টেশনটির সম্পূর্ণ পুনর্নির্মাণ করা হচ্ছে।