এলপিজি সিলিন্ডার (LPG Gas Cylinder) নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। আপনিও কি সিলিন্ডার বুক করেছেন দীর্ঘদিন কেটে গেলেও পাননি? তাহলে চিন্তা নেই, কারণ এবার মিনিটের মধ্যেই সিলিন্ডার বুক করলে পেয়ে যাবেন। এমনিতে যত সময় এগোচ্ছে ততই ভারতে কুইক কমার্স খাতের পরিধি দ্রুত প্রসারিত হচ্ছে। আজকাল, যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন হয়, আমরা সঙ্গে সঙ্গে অর্ডার দিতে পারি এবং পণ্যটি মিনিটের মধ্যেই আমাদের বাড়িতে পৌঁছে যায়। এখন সেই দিন বেশি দূরে নয় যখন, রান্না করার সময় হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে, সকলের কাছে অনলাইনে এলপিজি সিলিন্ডার অর্ডার করার বিকল্পও থাকবে। Swiggy Instamart সেই মুশকিল আসান করবে সকলের।
এবার Instamart-এ বুক করলেই মিলবে রান্নার গ্যাস
এই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থা এইচপিসিএল অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং কুইক কমার্স প্ল্যাটফর্ম Swiggy Instamart একজোট হয়েছে। তারা দেশের প্রথম অন-ডিমান্ড তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার ডেলিভারি পরিষেবা চালুর ঘোষণা করেছে। ঠিক যেমন আপনি অনলাইনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও রেশন অর্ডার করেন, তেমনি ভবিষ্যতে সুইগি ইন্সটামার্ট অ্যাপের মাধ্যমে অন-ডিমান্ড এলপিজি সিলিন্ডারও অর্ডার করতে পারবেন।
মাথায় রাখুন এই বিষয়গুলি
এই পরিষেবার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, নতুন সিলিন্ডার কেনার জন্য গ্রাহকদের কোনো চলমান গার্হস্থ্য এলপিজি সংযোগ থাকার প্রয়োজন নেই। প্রথম অর্ডারটিকে একটি নতুন সিলিন্ডার ক্রয় হিসেবে গণ্য করা হবে এবং পরিচয় প্রমাণের জন্য নির্দিষ্ট কিছু নথিপত্র প্রয়োজন হবে। গ্রাহকরা পরবর্তী অর্ডারগুলোর অংশ হিসেবে রিফিলের জন্য অনুরোধ করতে পারবেন এবং ডেলিভারির সময় খালি সিলিন্ডারটি সংগ্রহ করে নেওয়া হবে।
এইচপিসিএল, সুইগি ইন্সটামার্ট-এর সাথে অংশীদারিত্বে 'HP Navya' চালু করার প্রস্তুতি নিচ্ছে। এটি একটি পরবর্তী প্রজন্মের ১০ কেজি কম্পোজিট এলপিজি সিলিন্ডার, যার বডি স্বচ্ছ এবং যা প্রচলিত এলপিজি সিলিন্ডারের চেয়ে ৫০% পর্যন্ত হালকা। এই সিলিন্ডারটি আপনাকে নির্দিষ্ট সময় অন্তর গ্যাসের পরিমাণ পরীক্ষা করার সুযোগ করে দেবে বলে খবর। গ্রাহকদের বিভিন্ন চাহিদা মেটাতে, প্ল্যাটফর্মে একটি সাধারণ ৫ কেজি ধাতব এলপিজি সিলিন্ডারও পাওয়া যাবে। এটি মূলত ছাত্রছাত্রী, কর্মজীবী ব্যক্তি এবং ছোট পরিবারগুলির জন্য একটি দারুণ সুবিধা হবে, যাদের সাধারণত কোনো গ্যাস সংযোগ থাকে না। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন ইনস্টামার্টের সিইও অমিতেশ ঝা। তিনি বলেছেন, "ইনস্টামার্ট এখন মুদি পণ্যের বাইরেও তার পরিষেবা প্রসারিত করেছে। এইচপিসিএল-এর সঙ্গে যৌথভাবে আমরা এই অত্যাবশ্যকীয় গৃহস্থালি পরিষেবাটি দিচ্ছি এবং নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মান বজায় রেখে ইনস্টামার্টে এলপিজি-ও উপলব্ধ করছি।"
কলকাতায় চালু হচ্ছে পরিষেবা?
উত্তর হল না। সূত্রের খবর, বর্তমানে এই পরিষেবাটি বর্তমানে বেঙ্গালুরুর নির্বাচিত কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। আশা করা হচ্ছে, এটি শীঘ্রই দেশের অন্যান্য শহরেও চালু করা হবে।

