ছুটির দিনে বাড়ির বাইরে আছেন? পুজোর শপিং করছেন বা প্রিয়জনের সঙ্গে কোথাও ঘুরতে বেরিয়েছেন? তাহলে আপনার সেই আনন্দে জল ঢালতে তৈরি হচ্ছে বৃষ্টি। হ্যাঁ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলায় অঝোরে বৃষ্টিপাত শুরু হতে পারে। দক্ষিণবঙ্গে যেমন বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনই আবার উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। আজ রবিবার থেকেই শুরু হয়ে যাবে তাণ্ডব।
রবিবার প্রবল দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গে
রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে কলকাতা সহ গোটা বাংলাতেই দুর্যোগ শুরু হতে চলেছে বলে খবর। প্রথমেই যদি দক্ষিণবঙ্গের কথা বলি, আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মু্র্শিদাবাদে হলুদ সতর্কতা রয়েছে। ওই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এরপর আগামীকাল অর্থাৎ সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সপ্তাহ জুড়েই বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসলে রাজস্থানের জয়সলমের থেকে মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছুটে আসছে। তার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আবহাওয়া বিভাগ জানিয়েছে যে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায়। প্রতিকূল আবহাওয়ার কারণে আইএমডি দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ভূমিধস, নিচু এলাকা ও আন্ডারপাসে জল জমার মতো পরিস্থিতি হতে পারে।

