রেল যাত্রীদের জন্য রইল দারুণ চমকপ্রদ খবর। হাওড়া-কামাখ্যার পর আরও একটি রুটে চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train)। এমন একটি রুটে নতুন এই ট্রেনটি চলবে যেখানে অল্প সময়ের ট্রেনের খুব জরুরি হয়ে পড়েছিল। এবার সকলের সেই দাবিকে মান্যতা দিয়েই রেল নতুন ও দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন চালাতে পারে। এখন প্রশ্ন উঠছে কোন রুটে? ভাড়াই বা কত হবে? 

শীঘ্রই এই রুটে ছুটবে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন? 

সূত্রের খবর, বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের মধ্যে ট্রেন যাত্রা শীঘ্রই প্রায় ১৬ ঘণ্টায় সম্পন্ন হতে পারে। দক্ষিণ পশ্চিম রেল এই রুটে ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেন চালানোর প্রস্তুতি শুরু করেছে। প্রস্তাবিত এই ট্রেন নিয়ে এখন উত্তেজনার শেষ নেই সাধারণ মানুষের মধ্যে। বর্তমানে, বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের মধ্যে চলাচলকারী ট্রেনগুলিতে শহর দুটিকে সংযুক্ত করতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম রেল বেঙ্গালুরু-মুম্বাই রুটের জন্য দুটি বন্দে ভারত স্লিপার ট্রেনসেট চালু করেছে। ১৬টি কোচ বিশিষ্ট দুটি রেকই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-এর একটি কর্মসূচির অধীনে বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) দ্বারা নির্মিত হয়েছে। 

জানা যাচ্ছে, চালু করার আগে উভয় ট্রেনসেটই পরীক্ষা ও পরিদর্শন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ এখন পরীক্ষামূলক চালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন বেঙ্গালুরু বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আশুতোষ কুমার সিং। তাঁর মতে, রেল কর্তৃপক্ষ ট্রেনটি চালুর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং শীঘ্রই একটি সময়সূচী প্রকাশ করা হবে। ট্রেনটির সম্ভাব্য যাত্রার সময় নিরূপণ করতে এবং রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (RDSO) দ্বারা গতি পরীক্ষা চালানোর জন্য অনুমোদিত রুটে পরীক্ষামূলক যাত্রা পরিচালনা করা হবে।

ভাড়া কত হবে? 

এবার আসা যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেটা হল ভাড়া কত হবে সেই নিয়ে। প্রস্তাবিত বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে, যার মধ্যে ১১টি থার্ড এসি কোচ, ৪টি সেকেন্ড এসি কোচ এবং ১টি ফার্স্ট এসি কোচ রয়েছে। থার্ড এসি কোচের ভাড়া প্রায় ৩,০০০ টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। রেল কর্মকর্তাদের মতে, ট্রেনটি উভয় দিকেই সারারাত চলবে বলে খবর। এই ট্রেন চালানোর মাধ্যমে রেলের উদ্দেশ্য হলো যাত্রীদের সারারাত ভ্রমণ করে সকালে গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দেওয়া। রেল কর্তৃপক্ষ আশা করছে যে, বিমানের তুলনায় কম ভাড়া এবং কম ভ্রমণ সময়ের কারণে এই পরিষেবাটি যাত্রীদের মধ্যে জনপ্রিয় হবে।