এ যেন বিনা মেঘে বজ্রপাত! সোমবারের রাতের একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সব জায়গা। অত্যন্ত শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখার কারণে ব্যাপক বৃষ্টি পেয়েছে কলকাতা সহ একের পর এক জেলা। তবে এখানেই কিন্তু শেষ নয়। আজ মঙ্গলবার আরও বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে ঘূর্ণাবর্ত—জোড়া সিস্টেমের সৌজন্যে বাংলাজুড়ে দুর্যোগের আশঙ্কা আরও তীব্র হয়েছে বলে খবর। আজ কোথায় কোথায় বৃষ্টি হবে? কলকাতা সহ সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ
আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুযায়ী, কলকাতার উপর দিয়ে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার অবস্থানে পরিবর্তন এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। এই দুইয়ের প্রভাবে আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এক কথায় আকাশভাঙা বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে বলে খবর। নতুন যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি আগামী ২৪–৪৮ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, আজ সবথেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়া জেলায়। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, আজ দিনভর আকাশে মুখ ভার হয়েই থাকবে। বেলা যত গড়াবে বৃষ্টির প্রবণতা ততই বাড়বে বাংলাজুড়ে। এরপর আগামীকাল অর্থাৎ বুধবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বৃহস্পতিবার উভয় ২৪ পরগনা জেলা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আজ থেকে আপাতত উত্তরবঙ্গেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের উল্লেখযোগ্য বৃদ্ধির কোনো পূর্বাভাস বর্তমানে নেই। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

