বাংলায় আবারও একবার নিম্নচাপের থাবা। এখনো অবধি জলের তলায় রয়েছে বহু জায়গা। জল ঠেঙিয়ে সকলকে যাতায়াত করতে হচ্ছে। এরই মধ্যে সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে বাংলায় নতুন করে ধেয়ে আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আজ বুধবার থেকেই জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির (Weather Today) পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বুধবারই নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এক নজরে তাহলে দেখে নেওয়া যাক নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় দুর্যোগ (Rain) শুরু হবে। 

দক্ষিণবঙের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাস জারি করে জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের (South Bengal) উপকূলবর্তী জেলাগুলিতে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় জারি কমলা সতর্কতা। এছাড়াও কলকাতা-সহ হাওড়া, হুগলী এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি রয়েছে। 

আজ দক্ষিণবঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী কয়েক দিনও বৃষ্টির দাপট চলবে। বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কলকাতাতেও বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। দিন বাড়ার সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার (North Bengal) বিষয়ে। আজ বুধবার মালদা, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ অগস্ট উত্তর দিনাজপুর এবং ১৭ অগস্ট উত্তর ও দক্ষিণ দিনাজপুরও সেই তালিকায় থাকবে।