যেটার আশঙ্কা ছিল সেটাই হল। বঙ্গোপসাগরে তৈরি হল সুস্পষ্ট নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার বাংলাজুড়ে প্রবল বৃষ্টিপাতের (Weather) সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, সুস্পষ্ট নিম্নচাপ কিছুটা অবস্থান পরিবর্তন করে আগের চেয়ে দক্ষিণ প্রান্ত দিয়ে কলকাতার আশেপাশের উপর দিয়ে পশ্চিম-উত্তর পশ্চিমে সরছে। সকাল থেকেই কলকাতা থেকে শুরু করে বাংলার বেশিরভাগ জায়গার আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। যে কোনও মুহূর্তে বৃষ্টি নামতে পারে। 

প্রবল দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বৃদ্ধির সাথে ভারী বর্ষণ সম্ভব নিম্নচাপের পূর্বদিকের ক্লাউড ব্যান্ড থেকে। এরই সাথে পশ্চিমাঞ্চলের জেলাতেও আগামী কয়েক ঘন্টায় ভারী বর্ষণ সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সেইসঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা—বিক্ষিপ্তভাবে। এখানে জানিয়ে রাখি, একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কখনো কখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাতের মাঝখানে সময়গুলিতে কিছুটা বিরোধী থাকতে পারে এবং দফায় দফায় হওয়ার সম্ভাবনা থাকছে। আজ একাধিক জেলায় বানভাসি পরিস্থিতির সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিচু এলাকায় আরও জল জমতে পারে বৃষ্টির কারণে। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর। 

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও যথেষ্ট খারাপ। আলিপুর মৌসম  ভবন জানিয়েছে এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি কালিম্পং, দার্জিলিং, জেলায়। এছাড়াও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে বাকি জেলাগুলিতে।