রবিবার ছুটির দিনে অনেকের অনেক প্ল্যান থাকবে সেটাই তো স্বাভাবিক। কেউ ঘুরতে যাবেন তো কেউ যাবেন শপিং -এ। কিন্তু আপনি কি জানেন, আপনার সেই আনন্দে জল ঢালবে বর্ষার বৃষ্টি? হ্যাঁ, আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা পূর্বাভাস হয়তো আপনার মোটেও মনে ধরবে না। কারণ আজ ছুটির দিনেও উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড় বৃষ্টির (Weather Today) সতর্কতা জারি রয়েছে। ইতিমধ্যেই সকাল থেকে বাংলার আকাশ কালো হয়ে রয়েছে। বইছে হাওয়াও। ব্যস আর কিছুক্ষণ, তারপর নিম্নচাপ অঞ্চল এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ জেলায় জেলায়।
ছুটির দিনে ব্যাপক বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ ও সংলগ্ন উত্তর ওড়িশায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ ও সংলগ্ন উত্তর ওড়িশার উপর অবস্থানকারী ঘূর্ণাবর্তের প্রভাবে একই অঞ্চলের উপর একটি নিম্নচাপের এলাকা সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সম্মিলিত প্রভাবেই আজ থেকেই বৃষ্টির বেগ নতুন করে বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বলে খবর। আজ কলকাতা সহ কোনও জেলায় হালকা থেকে মাঝারি তো আবার স্থান বিশেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদিও দুর্যোগের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায়। উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হওয়ার আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও বর্ষার দাপট অব্যাহত। আজ হয়তো বৃষ্টি সেখানে হতে পারে, তবে আগামী দিনে বেগ বেশ খানিকটা বাড়বে বলে খবর।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া যাক ছুটির দিনে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।

