সকাল থেকেই আকাশের মতিগতি ভালো নয়। রবিবার সমগ্র বাংলাজুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আসলে একটি নিম্নচাপ যেতে না যেতেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ অঞ্চল ফুঁসতে শুরু করেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এবার সেটার প্রভাব বাংলায় ব্যাপকভাবে পড়তে চলেছে। 

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে প্রলয়ের আশঙ্কা!

নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের ৩ জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তালিকায় রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। উল্লেখিত জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরইসঙ্গে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

আবহাওয়া দফতর জানিয়েছে, ঊর্ধ্ব-বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত সঞ্চালনের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হয়েছে। সিস্টেমটি প্রায় উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও সুস্পষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে আজ ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সংলগ্ন এলাকা, ওড়িশা ও উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে দমকা হাওয়া সহ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়াসহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এই সময়ে এই অঞ্চলে সমুদ্র পরিস্থিতি উত্তাল থেকে অত্যন্ত উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। প্রত্যাশিত আবহাওয়ার পরিপ্রেক্ষিতে মৎস্যজীবীদের ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সংলগ্ন উপকূল, ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর ও তার অদূরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, রবিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সর্তকতা।