কবে থামবে বৃষ্টি? কবে জল নামবে? এখন এই প্রশ্ন সকলের। আসলে গভীর নিম্নচাপের প্রভাবে বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। যদিও বর্তমানে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গেছে। তবে আবহাওয়াবিদরা মনে করছেন যে কলকাতা সহ জেলায় জেলায় আপাতত দুর্যোগ (Weather Today) চলবে। যেমন আজ বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি কিছু জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। চলুন জেনে নেওয়া যাক কোন কোন জেলায় আজ অ্যালার্ট রয়েছে।
আজও দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা
আজ দক্ষিণবঙ্গের কিছু অংশে দমকা হাওয়া বইতে পারে। আইএমডি কলকাতার পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। এদিন দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতা জেলায়। এই সময়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে খবর, যেহেতু নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গেছে তাই এবার সেখানে প্রবল দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম ও রামগড় জেলায় সতর্কতা জারি করা হয়েছে, কারণ অবিরাম বৃষ্টির ফলে খারখাই ও স্বর্ণরেখা নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পাত্রাতু বাঁধের জলস্তরও বেড়েছে। সূত্রের খবর, পূর্ব সিংভূমে জেলা প্রশাসন পৌর সংস্থাগুলিকে সতর্ক করেছে এবং জামশেদপুরে এই দুটি নদীর ক্রমবর্ধমান জলস্তরের ওপর কড়া নজর রাখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।
মন্তব্য ও প্রতিক্রিয়া
৩