নিম্নচাপের কবলে সমগ্র বাংলা। বৃষ্টি সঙ্গে দুর্যোগ কাকে বলে তা এবার যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বঙ্গবাসী। চারিদিকে জল থৈথৈ পরিস্থিতি। তবে এখানেই শেষ নয়, নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবার আরও ব্যাপক বৃষ্টিপাত (Weather Today) হবে বাংলাজুড়ে বলে খবর। ইতিমধ্যে সকাল থেকে কয়েক দফায় বৃষ্টি হয়ে গিয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, যত বেলা গড়াবে ততই পাল্লা দিয়ে বৃষ্টির মাত্রও বাড়বে। অতি ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে লাল কমলা সতর্কতা। ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার দ্বৈত প্রভাবে সোমবার ভোর থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ভারী ও অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। এই অবিরাম বর্ষণের ফলে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ও নিচু এলাকা জলমগ্ন হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় বিচ্ছিন্নভাবে ২০ সেন্টিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্রও। বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া ও মাঝেমধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া বইতে থাকায় মৎস্যজীবীদের মঙ্গলবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, আজ থেকে আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

