সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ অঝোরে বৃষ্টিপাত শুরু হয়েছে বাংলায়। আজ বুধবারের সকালটাই সকলের শুরু হয়েছে মেঘলা আকাশ, বৃষ্টি দেখে। সেইসঙ্গে মেঘেদের গর্জন তো রয়েইছেই। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখার প্রভাবে বর্তমানে বাংলাজুড়ে বিক্ষিপ্তভাবে (Weather Update) বৃষ্টির মাত্রা বেড়েছে। আরও জানানো হয়েছে, আজ মোটের ওপর সারাদিনই আকাশ মেঘলা থাকবে, সঙ্গে দফায় দফায় বৃষ্টিপাত চলবে। 

 

দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ 

বৃষ্টি (Rainfall) জতই হোক, আগামী কয়েকদিন বাংলায় অস্বস্তিকর গরম জারি থাকবে। এর কারণ আপেক্ষিক আদ্রতা অত্যন্ত বেশি রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও গরমের অস্বস্তি এখনও কাটেনি। আপেক্ষিক আর্দ্রতা অত্যন্ত বেশি থাকায় প্রকৃত তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও অনুভূত অনেকটাই বেশি অনুভূত হচ্ছে। যাইহোক, আলিপুর আবহাওয়া দফতর আজ দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের পূর্বাভাস জারি করেছে। বর্ষার প্রভাবে এদিন বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

আবহাওয়াবিদরা বলেছেন, আগামী দুই সপ্তাহ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। বাংলা সহদেশজুড়ে ব্যাপক বৃষ্টিপাতের জন্য বায়ুমণ্ডলীয় পরিস্থিতি ক্রমশ অনুকূল হচ্ছে এবং বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের আবহাওয়া সিস্টেমগুলির কারণে মৌসুমি বায়ু আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে খবর। 

 

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। সেখানে আবার আজ থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।