নিম্নচাপ এখন অনেকটাই দুর্বল। তা বলে কি বাংলায় বৃষ্টি (Weather Today) হবে না? ভুল ভাবছেন। আজ শনিবারও বাংলার দিকে দিকে কখনও ভারী বৃষ্টি তো কখনও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গেও আজ থেকে মহা দুর্যোগ শুরু হতে চলেছে বলে খবর। সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। সকাল থেকেই আকাশ কালো। হাওয়া অফিস জানিয়েছে, এদিন উত্তর থেকে দক্ষিণ সর্বত্র মোটের ওপর আংশিক মেঘলা আকাশ ও মোটের উপর স্বাভাবিক আবহাওয়া থাকতে পারে।

দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা 

নিম্নচাপ সরলেও এখন আবার দুয়ারে এসে হাজির হয়েছে ঘূর্ণাবর্ত। সূত্রের খবর, ওড়িশা–পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। এর প্রভাবে আগামী ৩–৬ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ক্ষণস্থায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ভালো মতো।  সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কলকাতা, হাওড়া ও পার্শ্ববর্তী এলাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও সাময়িকভাবে ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, শনিবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায়। এরপর আগামীকাল অর্থাৎ রবিবার ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায়। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

যেহেতু নিম্নচাপটি ওড়িশা উপকূলের উপর রয়েছে, তাই সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন ধরে এই আবহাওয়া ব্যবস্থাটি ওড়িশার আবহাওয়ার উপর প্রভাব ফেলতে থাকবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।