প্রবল বৃষ্টিতে নাজেহাল অবস্থা সকলের। সকাল হচ্ছে মেঘলা আকাশ, বৃষ্টি দেখে। এক কথায় বর্ষা একদম ফুল দমে বাংলায় বিরাজ করছে। নিজের দাপট দেখাচ্ছে জেলায় জেলায়। সেইসঙ্গে দোসর হয়েছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ। এছাড়া সক্রিয় ও শক্তিশালী মৌসুমি অক্ষরেখা তো আছেই। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ থেকে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির দাপট (South Bengal Weather) বাড়তে পারে। কলকাতা, হাওড়া থেকে শুরু করে জেলায় জেলায় ভারী বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা

ইতিমধ্যে জেলায় জেলায় আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। সেইসঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া অফিসের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, আসলে বর্তমানে পশ্চিমবঙ্গ–উড়িষ্যা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে, যা আগামী সময়ে আরও শক্তি বৃদ্ধি করতে পারে। এর প্রভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে মূলত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে।

আজ শনিবার সকাল বা বিকেলের মধ্যে যে সকল জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি সেগুলি হল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম জেলায়। এই সকল জেলার বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। উল্লেখিত জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক শনিবার সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ সেখানে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।