সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বসন্তের শেষে যেন আবহাওয়া খামখেয়ালিপনার মতো চলছে। হ্যাঁ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ ঝড়-বৃষ্টি। আর আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই দুর্যোগ এখনই থামছে না। বরং আগামী রবিবার পর্যন্ত গোটা রাজ্যজুড়েই ঝড়-বৃষ্টির তান্ডব চলবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া (Weather Update)?
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে ঝড়ের দাপট আরও বাড়বে। আর আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূম জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। আর সেখানে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি শনিবার সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস জারি করা আছে। রবিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: যাঁদের এখনও যুবসাথী ঢোকেনি তাঁদের কবে ঢুকবে? জানালেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গে চরম দুর্যোগ
এদিকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কারণ, হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আলিপুর আবহাওয়া দফতর দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। আর এই তিন জেলার পাশাপাশি কালিম্পং এবং কোচবিহার জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে এই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে রবিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। কিন্তু বৃষ্টির দাপট বাড়লে পারদ আবারও কিছুটা কমতে পারে।











