দফায় দফায় ভারী বৃষ্টি চলছে বাংলায়। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি হওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে অধিকাংশ জায়গা। তবে এটুকুতেই হাঁপিয়ে উঠলেন? দাঁড়ান দাঁড়ান, আলিপুর আবহাওয়া দফতর এবার এমন এক পূর্বাভাস জারি করেছে যা শুনলে আপনারও মুখে মাছি ঢুকে যেতে বাধ্য। এত বৃষ্টির মাঝেই সম্ভাব্য নিম্নচাপের পূর্বাভাস (Weather Today) জারি করল আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। আজ শনিবার থেকে বেলার দিকে জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।
দক্ষিণবঙ্গে টানা দুর্যোগের পূর্বাভাস
সর্বশেষ আবহাওয়ার খবর অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আরও পড়ুনঃ সপ্তম পে কমিশনে নতুন বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের, কপাল খুলল কর্মীদের
আজ বিশেষ করে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের জন্য ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সতর্ক করেছে যে, তীব্র বর্ষণের ফলে নিচু এলাকা ও আন্ডারপাসগুলিতে সাময়িকভাবে জল জমে যেতে পারে । এছাড়া বজ্রপাতের সময়ে খোলা মাঠে বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে। ফলে সেই সময়ে কোনও নিরাপদে আশ্রয় নেওয়াই বুদ্ধিমানের মতো কাজ হবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আজ থেকে আগামীকাল রবিবারের মধ্যে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ বছরের সবচেয়ে বড় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১২ আগস্ট, দেখা যাবে ভারত থেকে?
এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়।

