বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিয়ের পরেও অন্যের সাথে লিভ ইনে (Live In Relationship) থাকা যায়? এমন প্রশ্নের উত্তরে এক মামলার নিষ্পত্তি করতে গিয়ে এলাহাবাদ হাইকোর্ট একেবারে সরাসরি জানিয়ে দিয়েছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বিয়ের পরেও যদি কোনও মহিলার সাথে লিভ ইনে থাকতে চান তবে সেটা অপরাধের মধ্যে পড়ে না! আদালতের তরফে স্পষ্ট বলা হয়েছে, “একজন ব্যক্তির স্বাধীনতার অধিকারকে সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য।”
বিয়ের পরেও থাকা যাবে লিভ ইনে?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি জেজে মুনির এবং বিচারপতি তরুণ সাক্সেনার বেঞ্চ এক মামলার শুনানি চলাকালীন জানিয়েছে, “একজন প্রাপ্তবয়স্ক বিবাহিত পুরুষ যদি সম্মতি নিয়ে কোনও মহিলার সাথে লিভ ইন সম্পর্কে জড়ান, তবে কোনও ভাবেই তাঁকে অপরাধী হিসেবে অভিযুক্ত বা বিচার প্রক্রিয়ায় টেনে নিয়ে আসা যায় না।”
আদালতের বক্তব্য, একজন ব্যক্তির স্বাধীনতাকে রক্ষা করা অবশ্যই পুলিশ প্রশাসনের কর্তব্য। নৈতিকতার প্রশ্নে আইনের পথ আলাদা। এদিন মামলার শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারপতিরা এও জানিয়ে দেন আদালতের দ্বারস্থ হওয়ার আগে পুলিশকে লিভ ইন এ থাকা মহিলা জানিয়ে দিয়েছিলেন তিনি স্বইচ্ছায় একজন পুরুষের সাথে রয়েছেন। এদিকে তাঁর পরিবার তাঁকে অনার কিলিং করার চেষ্টা করছে। সপ পক্ষের তরফে অভিযোগ পাওয়ার পরই সব দিক খতিয়ে দেখে আদালত জানায়, পুলিশের দায়িত্ব দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সুরক্ষা প্রদান করা। যদিও পুলিশ সুপারের পক্ষ থেকে এ সংক্রান্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
অবশ্যই পড়ুন: বাজারে লঞ্চ হয়ে গেল KKR-র স্কুটার, কিনবেন নাকি?
প্রসঙ্গত, প্রাথমিকভাবে মহিলার মায়ের তরফে অভিযোগ জানানো হয় একজন বিবাহিত যুবক তাঁর মেয়েকে নিজের ফাঁদে ফেলে তাঁর সাথে লিভ ইন সম্পর্কে রয়েছেন। এদিকে মহিলা জানাচ্ছেন তিনি স্ব ইচ্ছায় পুরুষের সাথে আছেন। তাঁকে কোনও রকম চাপ দেওয়া হয়নি। এমতাবস্থায়, আদালত জানিয়েছে, এমন ক্ষেত্রে কোনও ভাবেই গোটা বিষয়টিকে ফৌজদারি আইনের অধীনে বিচার করা যায় না। যেখানে ব্যক্তির নিজের মত রয়েছে।












