সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: গোটা বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার (Fuel Crisis) মধ্যে এবার বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলল রাশিয়া (Russia)। আগামী ১ এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারে পেট্রোল রফতানি সম্পূর্ণ ভাবে বন্ধ করতে চলেছে পুতিন সরকার। রাশিয়ার এই আকস্মিক পদক্ষেপে গোটা বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা যে তীব্র হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। আর এর সরাসরি প্রভাব পড়তে পারে ভারত সহ একাধিক আমদানিকারক দেশের উপর। তাহলে কি ১ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে দেশে পেট্রোল পরিষেবা?
৪ মাসের লকডাউনের আশঙ্কা
ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জ্বালানি মন্ত্রককে বিশেষ নির্দেশিকা জারি করেছেন। জানা গিয়েছে যে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র কয়েকদিনের জন্য নয়, বরং আগামী ৩১ জুলাই পর্যন্ত অর্থাৎ টানা ৪ মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে। এই চার মাস কোনও রকম পেট্রোল রফতানি করবে না রাশিয়া।
আসলে রাশিয়ার হঠাৎ করে বিশ্ব বাজার থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করছে। প্রথমত, আমেরিকা, ইরান এবং ইজরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ব তেলের বাজারকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। দামের এই তীব্র উত্থানে তারা নিজেদের অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষিত রাখতে চাইছে। দ্বিতীয়ত, গত বছর রাশিয়ার বেশ কিছু অংশে পেট্রোলের তীব্র ঘাটতি দেখা গিয়েছিল। এমনকি আসন্ন মরসুমে দেশের ভেতরে জ্বালানির চাহিদা যখন তুঙ্গে থাকবে, তখন সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেই কারণেই এই পদক্ষেপ। তৃতীয়ত, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বেশ কিছু তেল শোধনাগারকে ড্রোন হামলার শিকার হতে হয়েছিল। যার ফলে উৎপাদনে ধাক্কা খেয়েছিল রাশিয়া। তাই এই পদক্ষেপ।
আরও পড়ুন: আজও দুই বঙ্গে চরম দুর্যোগ, একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা! আজকের আবহাওয়া
এদিকে রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি রফতানিকারক দেশ। তাদের এই চার মাসের নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাজারে যে পেট্রোলের যোগান অনেকটাই কমে যাবে তা বলার অপেক্ষা রাখে না। আর যোগান কমলে চাহিদার চাপে ব্যারেলের দাম আরও বাড়বে। এমনকি ভারত, চিনের মতো দেশগুলি যারা রাশিয়ার উপর নির্ভরশীল, তাদের বিকল্প উৎসের সন্ধান করতে হবে এবার।











