সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: শীত বিদায়ের পর থেকেই যেন বাংলার আকাশে বসন্তের খামখেয়ালিপনা। কখনো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আবার কখনো রৌদ্রোজ্জ্বল আকাশ। সব মিলিয়ে আবহাওয়ার একেবারে অস্থির অবস্থা। গত শুক্রবার মাঝরাতে কালবৈশাখীর রেশ কাটতে না কাটতেই আজ অর্থাৎ রবিবারের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শহর কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা ঠিক কতটা? উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? জানুন বিস্তারিত (Weather Update)।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বড়সড় কোনও দুর্যোগের পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে আজ হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়ায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গের কোনও জেলার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়নি।
এদিকে আজ রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩২ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি ঘুরবে এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১০.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হলেও আজ শহরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আজ বৃষ্টির দাপট অনেকটাই বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে হিমালয় সংলগ্ন পাঁচটি জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকার কারণে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। আর উত্তরবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।











